নির্বাচনে ২৪ ঘণ্টা বন্ধ চার ধরনের যান

নির্বাচনে ২৪ ঘণ্টা বন্ধ চার ধরনের যান

নির্বাচনে ২৪ ঘণ্টা বন্ধ চার ধরনের যান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি ট্রাক, মাইক্রোবাস, ট্যাক্সিক্যাব ও পিকআপ—এই চার ধরনের যানবাহন ২৪ ঘণ্টা বন্ধ থাকবে। এ ছাড়া নির্বাচনের আগে ও পরে তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে এসব নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।

ইসির নির্দেশনা অনুযায়ী, ভোটগ্রহণের নির্ধারিত দিনের আগের মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা বা তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

তবে জরুরি সেবা ও বিশেষ প্রয়োজনে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এর মধ্যে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের যানবাহন; অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক ও সংবাদমাধ্যমের গাড়ি; ওষুধ ও স্বাস্থ্যসেবাসহ জরুরি কাজে ব্যবহৃত যানবাহন; টিকিট প্রদর্শন সাপেক্ষে বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রী বা স্বজনদের গাড়ি; দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন; প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের জন্য রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে একটি গাড়ি; এবং টেলিযোগাযোগ সেবায় নিয়োজিত বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, জাতীয় মহাসড়ক, বন্দর এবং আন্তঃজেলা বা মহানগরে প্রবেশ ও বের হওয়ার গুরুত্বপূর্ণ সড়কের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। স্থানীয় বাস্তবতা ও প্রয়োজন বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রয়োজনে অতিরিক্ত বিধিনিষেধ আরোপ বা শিথিল করতে পারবেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন