ঈদ শেষে ফিরতি যাত্রার ট্রেনের আগাম টিকিট বিক্রির ষষ্ঠ দিন আজ

ঈদ শেষে ফিরতি যাত্রার ট্রেনের আগাম টিকিট বিক্রির ষষ্ঠ দিন আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষে কর্মস্থলে ফেরা মানুষের সুবিধার্থে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির ষষ্ঠ দিন আজ। বুধবার (১৮ মার্চ) অনলাইনে পাওয়া যাচ্ছে আগামী ২৮ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট। বরাবরের মতো এবারও বিশেষ ব্যবস্থাপনায় সাত দিনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

যাত্রীদের ভোগান্তি কমাতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। অন্যদিকে, দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর অগ্রিম টিকিট সংগ্রহ করা যাচ্ছে। সম্প্রতি রেল ভবনে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ১৩ মার্চ থেকে ধারাবাহিকভাবে টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ২৯ মার্চের টিকিট পাওয়া যাবে ১৯ মার্চ। এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সময়সূচি নির্ধারণ করা হবে। যাত্রীদের বিশেষ অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়া’ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।

উল্লেখ্য, একজন যাত্রী সর্বোচ্চ একবার এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করতে পারবেন। সংগৃহীত টিকিট কোনোভাবেই রিফান্ড বা ফেরতযোগ্য হবে না বলে রেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন