পহেলা বৈশাখ ঘিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

পহেলা বৈশাখ ঘিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পহেলা বৈশাখের প্রথম দিন উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানগুলো সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মন্ত্রণালয় থেকে জারি করা এক কার্যপত্রে জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল, রবীন্দ্র সরোবরসহ দেশব্যাপী আয়োজিত সব অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে সমাপ্ত করতে হবে। বিকেল ৫টার পর এসব এলাকায় নতুন করে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ‘মঙ্গল শোভাযাত্রা’কে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা মুখোশ পরে অংশ নিতে পারবেন না, তবে হাতে বহন করতে পারবেন। শোভাযাত্রা চলাকালে মাঝপথে কেউ এতে যোগ দিতে পারবেন না।

নিরাপত্তার স্বার্থে দেশব্যাপী ফানুস ওড়ানো, আতশবাজি, গ্যাস বেলুন এবং ভুভুজেলা বাঁশি বাজানো নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ৩০০ ফুট এলাকায় মোটরসাইকেল ও গাড়ির রেসিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ডগ স্কোয়াড, ওয়াচ টাওয়ার, সিসিটিভি ক্যামেরা ও আর্চওয়ে দিয়ে তল্লাশি চালানো হবে। ইভ টিজিং ও ছিনতাই প্রতিরোধে সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হবে।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় বড় অনুষ্ঠানস্থলগুলোতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম প্রস্তুত থাকবে এবং রমনা লেকে মোতায়েন থাকবে ডুবুরি দল। এছাড়া পহেলা বৈশাখের দিন (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার (টিএসসি) মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্টিকারবিহীন কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন