ইসিতে আপিল শুনানির শেষ দিন আজ, প্রকাশ হবে চূড়ান্ত তালিকা

ইসিতে আপিল শুনানির শেষ দিন আজ, প্রকাশ হবে চূড়ান্ত তালিকা

ইতিতে আপিল শুনানির শেষ দিন আজ, প্রকাশ হবে চূড়ান্ত তালিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি আজ রবিবার (১৮ জানুয়ারি) শেষ হচ্ছে। গত ১০ জানুয়ারি থেকে নির্বাচন কমিশন (ইসি) এসব আপিলের শুনানি শুরু করে। শুনানি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে শেষ দিনের আপিল শুনানি অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনাররা এতে অংশ নেবেন। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রায় অর্ধশত আপিলের শুনানি হবে। পাশাপাশি অপেক্ষমাণ আপিলগুলোর বিষয়েও সিদ্ধান্ত দেওয়ার কথা জানিয়েছে ইসি।

মনোনয়নপত্র বাছাইয়ে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। পরে আপিল শুনানিতে ৩৯৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। এতে এখন পর্যন্ত বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৩৬ জন। তবে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত থাকায় ওই দুই আসনের ১১ জন প্রার্থী তালিকা থেকে বাদ পড়বেন।

নতুন তফসিল অনুযায়ী, পাবনা-১ ও পাবনা-২ আসনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি। বাছাই হবে ১৯ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ২৫ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৭ জানুয়ারি। এই দুই আসনেও ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

ইসি জানিয়েছে, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছিল। সংশোধিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

মন্তব্য করুন