ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর কেন্দ্রীয় সভাপতি এম হাফিজ উদ্দিন খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। মেধাবী ছাত্র হিসেবে পরিচিত এম হাফিজ উদ্দিন খান ১৯৬৪ সালে তৎকালীন পাকিস্তান সিভিল সার্ভিসে (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার) যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ চাকুরী জীবনে তিনি সব সরকারের আমলেই একজন অত্যন্ত সৎ, দক্ষ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে সুপরিচিত ছিলেন।
তিনি ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের অর্থ, পরিকল্পনা এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশের ৬ষ্ঠ মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (CAG) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর (TIB) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মরহুমের জানাজা ও দাফন আগামী শুক্রবার সিরাজগঞ্জের রহমতগঞ্জ পৌর গোরস্থানে সম্পন্ন করা হবে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। গুণী এই ব্যক্তিত্বের মৃত্যুতে দেশের রাজনৈতিক, প্রশাসনিক ও নাগরিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ