নির্বাচনে কোনো গলদ রাখা যাবে না: প্রধান উপদেষ্টা

নির্বাচনে কোনো গলদ রাখা যাবে না: প্রধান উপদেষ্টা

নির্বাচনে কোনো গলদ রাখা যাবে না: প্রধান উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর আয়োজিত গণভোটকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ মনোযোগী হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি বলেছেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার ক্ষেত্রে ১২ ফেব্রুয়ারি যেন কোনো গলদ না থাকে।’

বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এক সভায় তিনি এসব কথা বলেন। এ সময় সরকারের জন্য ‘ধাপে ধাপে পরীক্ষা শুরু হলো’ বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা আসলে নির্বাচন কমিশনকে সাহায্য করব, এটাই আমাদের কাজ। জাতির জন্য এটা বড় এক চ্যালেঞ্জ, যা আমাদের নিতে হবে এবং এই বিশাল কাজটি শেষ করে তাকে ঐতিহাসিক অর্জন হিসেবে দাঁড় করাতে হবে।’ নির্বাচনের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমান্ডের মূল ভূমিকায় থাকবে বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘নির্বাচনের দিন যেন কোনো কিছুর অভাব বোধ না হয়, সে বিষয়ে সর্বোচ্চ মনোযোগী হতে হবে। ২০২৬ সালের নির্বাচন যেন ভবিষ্যতে নির্বাচনের ক্ষেত্রে আদর্শ তৈরি করে।’

বৈঠকে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘এবারের নির্বাচনে নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল অংশ নিচ্ছে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য ২৬টি দেশের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।’ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, ২০২৪ সালের আগস্টে দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের ৬২.৪ শতাংশ এবং গোলাবারুদের ৫২ শতাংশ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সশস্ত্র বাহিনীর সদস্যরা এবার আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী হিসেবে বিবেচিত হবে। সুতরাং প্রয়োজন হলে তারা ভোটকেন্দ্রের আঙিনায় প্রবেশ করতে পারবে।’

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সভায় তিন বাহিনীর প্রধানগণ, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিব এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী ও গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন