বিআরটিসির সব বাস থেকেই কালো ধোঁয়া বের হয়: পরিবেশ উপদেষ্টা

বিআরটিসির সব বাস থেকেই কালো ধোঁয়া বের হয়: পরিবেশ উপদেষ্টা

বিআরটিসির সব বাস থেকেই কালো ধোঁয়া বের হয়: পরিবেশ উপদেষ্টা

রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) প্রতিটি বাস থেকে কালো ধোঁয়া বের হয় বলে চ্যালেঞ্জ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) তেজগাঁওয়ের বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিআরটিএ আয়োজিত পেশাজীবী পরিবহন গাড়িচালক ও শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা উপস্থিত ছিলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘একটা কাজের কথা একটু মন খারাপ করে বলি। বিআরটিসির যত বাস আছে, সবকটা বাস থেকেই কালো ধোঁয়া বের হয়। সবকটা বাস—আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। প্রতিটা বাস থেকে কালো ধোঁয়া বের হয়। এগুলো কি আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম না?’

তিনি আক্ষেপ করে বলেন, ‘আমি ১০টা মাস যাবৎ যতবার ফোন করছি একটা স্ক্র্যাপ পলিসির জন্য, জানি না ফাওজুল ভাই কতবার ফোন করেছেন। গত বছরের ২৮ অক্টোবর যে স্ক্র্যাপ পলিসি ফাইনাল হওয়ার কথা ছিল, সেটি এখনো হয়নি। আমরা যদি কয়েকটা দূষণকারী যানবাহনের বিরুদ্ধে কঠিন না হই, আর কেউ কঠিন হবে না।’

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রতিটি বাস থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। এগুলোকে মেইনটেন্যান্সে যেতে হবে। সেখানে বিআরটিএর বড় দায়িত্ব আছে। এটি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি বলেন, ‘পুরোনো বাস আজই সরিয়ে নিতে বলছি না, কিন্তু সময় তো দিচ্ছি—অন্তত মেইনটেন্যান্সটা করুন। পুরোনো বাস বদলাতে সময় লাগবে বুঝি। কিন্তু আর কত সময়? ৫৪ বছর হয়ে গেছে। আরও সময় লাগবে কেন?’

তিনি বলেন, আজ যে প্রশিক্ষণ শুরু হয়েছে, সেখানে বিআরটিএ সব চালকদের জানাবে কীভাবে দায়িত্বশীলভাবে গাড়ি চালাতে হবে। হর্ন বাজানো বন্ধ করলে গাড়ির গতিও কমবে, দুর্ঘটনাও কমবে। এটি বিরক্তির বিষয় নয়। গাড়িতে উঠে ক্ষমতা দেখাতে হর্ন বাজানো মানুষের কষ্টের কারণ হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম প্রমুখ।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন