ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টাগণ এবং এই সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত সকল কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড এবং সংশ্লিষ্টদের অবৈধ সম্পদের শ্বেতপত্র জনগণের সামনে প্রকাশেরও জোর দাবি জানান।
ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, "অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি, মব সন্ত্রাসে মদদ দেওয়া এবং বিনা বিচারে হত্যার মতো নানাবিধ বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ক্ষমতাবলে নিজের প্রতিষ্ঠানের ৬০০ কোটি টাকার জরিমানা মওকুফের অভিযোগ উঠেছে। এ ছাড়া বেশ কিছু উপদেষ্টার বিরুদ্ধে উগ্রবাদে মদদ দেওয়া ও দুর্নীতির অভিযোগ রয়েছে।"
বিবৃতিতে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলমের নাম উল্লেখ করে বলা হয়, তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে বিপুল দুর্নীতির অভিযোগ রয়েছে। এমনকি দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার দুই মাস পার হলেও তারা সরকারি বাসভবন ছাড়েননি। নির্বাচনকে সামনে রেখে অন্যায়-অনিয়মে জড়িত এসব ব্যক্তিরা দেশত্যাগের চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করে সংগঠনটি।
নেতৃবৃন্দ উচ্চ আদালতের কাছে আবেদন জানিয়ে বলেন, "ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের মতো সরকারের সকল উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হোক। জনগণের সম্পদ লুট করে কেউ যেন নিরাপদে দেশত্যাগ করতে না পারে, সে জন্য আপামর জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।"
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ