চলতি মাসেই রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াবে: গভর্নর আহসান এইচ মনসুর

চলতি মাসেই রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াবে: গভর্নর আহসান এইচ মনসুর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীলতার পথে এলেও এখনো বড় ধরণের ভঙ্গুরতা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের অর্থনীতির বর্তমান গতিপ্রকৃতি ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে এসব কথা বলেন।

গভর্নর জানান, বিগত দীর্ঘ সময়ে আর্থিক খাতে যে নজিরবিহীন অনিয়ম ও লুটপাট হয়েছে, তা মেরামত করে স্বাভাবিক অবস্থায় ফিরতে বেশ সময়ের প্রয়োজন। এই সংকট কাটিয়ে উঠতে তিনি নবগঠিত সরকারকে দেশে বিনিয়োগ বাড়ানোর জন্য কার্যকর ও সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন, মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনার চেষ্টা চললেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে আরও সময় লাগবে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে ইতিবাচক পূর্বাভাস দিয়ে ড. আহসান এইচ মনসুর বলেন, চলতি মাসেই দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক ছাড়িয়ে যাবে। তিনি আশা প্রকাশ করেন, এই বছরের শেষ নাগাদ রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে উন্নীত হবে, যা আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

গভর্নর প্রত্যাশা ব্যক্ত করেন যে, বিগত অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমগুলো তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন নির্বাচিত সরকার পূর্ণ গতিতে এগিয়ে নিয়ে যাবে। তবে ব্যাংক খাতের সংস্কার এবং খেলাপি ঋণ আদায়কে তিনি নতুন সরকারের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন। আজ বিকেলে অনুষ্ঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেও দেশের এই অর্থনৈতিক চ্যালেঞ্জসমূহ এবং রিজার্ভ বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন