জরিপে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ০৪:২৩ অপরাহ্ণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গঠিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে মনে করছেন ৪৭ দশমিক ৬ শতাংশ মানুষ। অন্যদিকে ২২ দশমিক ৫ শতাংশ অংশগ্রহণকারীর মতে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন।
শুক্রবার ৩০ জানুয়ারি রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে ‘পিপলস ইলেকশন পালস সার্ভে পিইপিএস রাউন্ড থ্রি’ শীর্ষক একটি জরিপের ফলাফলে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জরিপের প্রধান ফলাফল উপস্থাপন করেন বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও জরিপের প্রধান মো. রুবাইয়াত সারওয়ার।
জরিপে অংশ নেওয়া ৯৩ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেবেন।
আগের রাউন্ডে যারা ভোট দেওয়ার কথা বলেছিলেন, তাদের মধ্যে ৯৬ দশমিক ১ শতাংশ এবারও ভোট দেওয়ার আগ্রহ জানিয়েছেন। যারা আগে ভোট দেবেন না বলেছিলেন, তাদের ৭৮ দশমিক ৫ শতাংশ এবার ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
আর যারা আগে কোনো মতামত দেননি, তাদের মধ্যে ৮৯ দশমিক ৭ শতাংশ এবার ভোট দেওয়ার কথা বলেছেন। জরিপে আরও জানানো হয়, জেন জি প্রজন্মের মধ্যে ভোটদানের আগ্রহ তুলনামূলক কম হলেও সামগ্রিকভাবে ভোটার উপস্থিতির হার এখনো বেশি রয়েছে।
আই.এ/সকালবেলা