গৃহকর্মী নির্যাতন: বিমানের এমডি ও তার স্ত্রী গ্রেফতার

গৃহকর্মী নির্যাতন: বিমানের এমডি ও তার স্ত্রী গ্রেফতার

রাজধানীর উত্তরায় ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান ও তার স্ত্রী বীথিসহ চারজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

ভুক্তভোগী গৃহকর্মী মোহনার শরীরে আগুনের ছ্যাঁকার ক্ষত, সেলাই ও জখমের চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে শিশুটি আশঙ্কাজনক অবস্থায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

​ভুক্তভোগী শিশু মোহনার পিতা মোস্তফা জানান, প্রায় আট মাস আগে উত্তরা ৯ নম্বর সেক্টরে ওই দম্পতির বাসায় মোহনাকে কাজে দিয়েছিলেন। 

গত শনিবার (৩১ জানুয়ারি) গৃহকর্ত্রী বীথি ফোন করে মোহনাকে নিয়ে যেতে বলেন। মোস্তফা মেয়েকে আনতে গেলে বীথি কৌশলে একটি সাদা কাগজে তার সই করিয়ে নেন।

মোহনার পিতা বলেন, “রাতে যখন মেয়েকে আমার হাতে তুলে দেওয়া হয়, ওর অবস্থা দেখে আমি আঁতকে উঠি। পুরো শরীরে আগুনের ছ্যাঁকা, হাতে গভীর কাটা ও সেলাই এবং মুখে গুরুতর আঘাত ছিল। শিশুটি এখন স্বাভাবিকভাবে খাবারও খেতে পারছে না।”

​এই ঘটনায় গত রাতে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর রাত আনুমানিক ৩টার দিকে অভিযান চালিয়ে পুলিশ বিমানের এমডি শফিকুর রহমান, তার স্ত্রী বীথি এবং তাদের বাসার আরও দুই গৃহকর্মীকে গ্রেফতার করে।

​উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রফিক উদ্দীন জানান, এজাহার দাখিলের পরপরই মামলা রেকর্ড করা হয়েছে এবং আজ আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুবেল মিয়া নিশ্চিত করেছেন, গ্রেফতারকৃত শফিকুর রহমান বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি হিসেবে কর্মরত। সামাজিক যোগাযোগমাধ্যমে এই অমানবিক ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে।

​আই.এ/সকালবেলা

মন্তব্য করুন