৫ বছরে বিদেশে ১ কোটি কর্মসংস্থান হবে: প্রতিমন্ত্রী নুর

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ণ
৫ বছরে বিদেশে ১ কোটি কর্মসংস্থান হবে: প্রতিমন্ত্রী নুর

সাঈদ পান্থ, বরিশাল: আগামী পাঁচ বছরে এক কোটি কর্মক্ষম মানুষের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল ব্রজমোহন কলেজ (বিএম কলেজ) ক্যাম্পাস পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের শ্রমবাজারে ঘাটতি থাকায় বিদেশে কর্মসংস্থান সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি জানান, শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঋণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সাধারণ প্রবাসীদের জন্যও সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত ঋণের সুযোগ রাখা হয়েছে। বর্তমানে প্রতিবছর আট থেকে ১০ লাখ মানুষ বিদেশে যাচ্ছেন, যা পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে।

পরে তিনি বিএম কলেজের বাস্কেটবল গ্রাউন্ডে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এআইএল/সকালবেলা