তীব্র গরমে সুস্থ থাকতে খাদ্যাভ্যাসে প্রয়োজনীয় পরিবর্তন ও বিশেষজ্ঞ পরামর্শ

প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
তীব্র গরমে সুস্থ থাকতে খাদ্যাভ্যাসে প্রয়োজনীয় পরিবর্তন ও বিশেষজ্ঞ পরামর্শ

 দেশজুড়ে চলমান তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় সুস্থ থাকতে দৈনন্দিন খাদ্যাভ্যাসে আমূল পরিবর্তনের পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। গরমের এই সময়ে মানুষের শরীরের স্বাভাবিক বিপাক প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং ঘামের মাধ্যমে প্রচুর পরিমাণে খনিজ উপাদান বেরিয়ে যায়। এই পরিস্থিতিতে সঠিক খাবার নির্বাচন করা না হলে বদহজম, পানিশূন্যতা ও হিট স্ট্রোকের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। শরীরকে অতিরিক্ত পরিশ্রম থেকে মুক্তি দিতে এবং অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে ভারী ও উচ্চ ক্যালরিযুক্ত খাবার পরিহার করা এখন সময়ের দাবি।

পুষ্টিবিদদের মতে, এই সময়ে বিরিয়ানি, তেহারি বা ভুনা মাংসের মতো গুরুপাক খাবার এড়িয়ে চলা উচিত, কারণ এসব খাবার হজম হতে দীর্ঘ সময় নেয় এবং শরীরের অস্বস্তি বাড়িয়ে দেয়। এছাড়া অতিরিক্ত চা-কফি বা বাজারজাত কোমল পানীয় শরীরকে দ্রুত পানিশূন্য করে ফেলে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। রাস্তার ধারের ভাজাপোড়া এবং মেয়োনেজ যুক্ত খাবারে গরমে দ্রুত ব্যাকটেরিয়া জন্মায়, যা থেকে ফুড পয়জনিং হওয়ার আশঙ্কা থাকে। বিপরীতে শরীরকে আর্দ্র রাখতে লাউ, চালকুমড়া, ঝিঙা ও সজনে ডাঁটার মতো সবজি হালকা ঝোল করে রান্না করে খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ঘামের মাধ্যমে বেরিয়ে যাওয়া সোডিয়াম ও পটাশিয়ামের ঘাটতি পূরণে ডাবের পানি বা লেবুর শরবত অত্যন্ত কার্যকর। এছাড়া প্রতিদিন অন্তত ১২ থেকে ১৩ গ্লাস নিরাপদ পানি পানের পাশাপাশি তরমুজ, শসা ও টক দই খাদ্যতালিকায় রাখলে হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে এবং শরীর সতেজ থাকে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন