বিশ্ব মা দিবস আজ

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
বিশ্ব মা দিবস আজ

পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ ‘মা’। ছোট্ট এই শব্দের গভীরতা আকাশসমান। আজ ১০ মে, বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে মায়ের প্রতি বিশেষ ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের এই দিনটি পালিত হয়। যদিও মায়ের প্রতি ভালোবাসা কোনো নির্দিষ্ট দিনে সীমাবদ্ধ নয়, তবুও মা দিবস আমাদের সেই চিরন্তন মমতার কথা নতুন করে মনে করিয়ে দেয়।

আধুনিক মা দিবসের সূচনা হয় যুক্তরাষ্ট্রে। আনা জার্ভিস নামের এক নারী তার মায়ের স্মৃতিকে সম্মান জানাতে ১৯০৮ সালে প্রথম মা দিবস উদযাপন করেন। পরবর্তীতে ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে আনুষ্ঠানিকভাবে মা দিবস হিসেবে ঘোষণা করেন। ধীরে ধীরে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

মা শুধু একটি সম্পর্ক নয়, তিনি সন্তানের প্রথম শিক্ষক, বন্ধু ও নিরাপদ আশ্রয়। সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে একজন মা নিজের স্বপ্ন ও আরাম অকাতরে বিসর্জন দেন। ধর্মীয় ও সামাজিকভাবেও মায়ের স্থান সবার উপরে। ইসলাম ধর্মে বলা হয়েছে, ‘মায়ের পদতলে সন্তানের জান্নাত।’ প্রায় প্রতিটি ধর্ম ও সংস্কৃতিতেই মাকে শ্রদ্ধা ও ভালোবাসার সর্বোচ্চ প্রতীক হিসেবে দেখা হয়।

বর্তমান ব্যস্ত জীবনে প্রযুক্তিনির্ভরতা বাড়ায় অনেক সময় পরিবারের আবেগীয় জায়গাগুলো সংকুচিত হচ্ছে। কর্মব্যস্ততার অজুহাতে অনেক সন্তান মায়েদের পর্যাপ্ত সময় দিতে পারেন না। বৃদ্ধাশ্রমের সংখ্যা বৃদ্ধি পাওয়াও আমাদের সামাজিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয়কে নির্দেশ করে। মা দিবস আমাদের শেখায়— মায়ের প্রতি দায়িত্ব শুধু উপহারে নয়, বরং ভালোবাসা, সময় এবং সম্মানের মাধ্যমে পালন করা উচিত।

মা দিবস আমাদের আত্মসমালোচনার সুযোগ করে দেয়। একজন মা সন্তানের কাছে দামি উপহার বা বিলাসিতা চান না; তিনি চান সামান্য ভালোবাসা ও আন্তরিকতা। আসুন, বছরের প্রতিটি দিনই মায়ের প্রতি যত্নবান হই এবং তাঁর মুখে হাসি ফোটানোর চেষ্টা করি।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন