ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্প হেরে গেছেন: মার্কিন সিনেটর ক্রিস মারফি

প্রকাশ: সোমবার, ১০ আগস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ণ
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্প হেরে গেছেন: মার্কিন সিনেটর ক্রিস মারফি
ট্রাম্পের ইরান নীতি ও সংঘাত নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন সিনেটর

অনলাইন ডেস্কঃ ইরানের সঙ্গে চলমান সামরিক উত্তেজনা ও যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘হেরে গেছেন’ বলে মন্তব্য করেছেন মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি। তাঁর দাবি, এই সংঘাত যত দীর্ঘায়িত হচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের অবস্থান ততই দুর্বল হয়ে পড়ছে এবং অন্যদিকে ইরান সামরিক ও কৌশলগতভাবে আরও শক্তিশালী হয়ে উঠছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে ক্রিস মারফির এই উদ্বেগের তথ্য নিশ্চিত করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেটর মারফি স্পষ্ট জানান, অনভিপ্রেত এই যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে প্রয়োজন হলে তিনি কৌশলগত ছাড় বা ‘খারাপ চুক্তি’তেও সমর্থন দিতে প্রস্তুত। একই সঙ্গে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দ্রুত চালুর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মারফির ভাষ্যমতে, প্রতিদিন যুদ্ধ চলতে থাকায় একদিকে মার্কিন যুদ্ধনীতি মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ জ্বালানি তেলসহ দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির শিকারে পরিণত হচ্ছে।

যুদ্ধের ভবিষ্যৎ গতিপথ নিয়ে তিনি জানান, যুদ্ধ দীর্ঘায়িত করার উদ্দেশ্যে ট্রাম্প প্রশাসনের চাওয়া অতিরিক্ত সামরিক অর্থ বরাদ্দের প্রস্তাবে তিনি কোনোভাবেই সম্মতি বা ভোট দেবেন না। তবে সংঘাত আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হওয়ার পর মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত অস্ত্রভাণ্ডার পুনরায় পূরণ করার জাতীয় উদ্যোগে তাঁর পূর্ণ সমর্থন থাকবে।

অন্যদিকে, দুই দেশের মধ্যে কূটনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে রবিবার এক বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ওয়াশিংটনের সঙ্গে তাঁদের কোনো সরাসরি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে না। তেহরানের ওপর আরোপিত অর্থনৈতিক ও সামরিক নৌ-অবরোধ সম্পূর্ণ প্রত্যাহারসহ মূল দাবিগুলো ওয়াশিংটন মেনে না নেওয়া পর্যন্ত কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় মুক্ত বা উন্মুক্ত করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে ইরান।

মন্তব্য করুন