বরিশালের নদী-প্রকৃতি ও পেয়ারা বাজারে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন
অনলাইন ডেস্ক: বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অপার প্রাকৃতিক সৌন্দর্য, কীর্তনখোলা নদীর মনোরম পরিবেশ এবং রূপসী বরিশালের সাধারণ মানুষের উষ্ণ আতিথেয়তায় গভীর মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
তিনি জানান, বরিশালের অপরূপ প্রাকৃতিক পরিবেশ তাঁর হৃদয় ছুঁয়েছে এবং ঝালকাঠির ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার পরিদর্শনের অভিজ্ঞতা ছিল দারুণ। একই সাথে আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে মানসম্মত পেয়ারা রপ্তানির সুদৃঢ় সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।
রোববার (৯ আগস্ট) দুপুরে কীর্তনখোলা নদীতে বরিশাল প্রেস ক্লাব আয়োজিত এক সংক্ষিপ্ত ও আনন্দঘন নৌবিহারে অংশ নিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।
বরিশাল নদীবন্দর থেকে যাত্রা শুরু করে একটি বিলাসবহুল লঞ্চযোগে ঝালকাঠি পর্যন্ত বিস্তৃত এই নৌবহরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, রাষ্ট্রদূতের সহধর্মিণী ডিয়ান ডাওক, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, "ঢাকাই কর্মব্যস্ত জীবনের পর বরিশালের নৌভ্রমণ এবং ভাসমান বাজার ঘুরে দেখা সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা। স্থানীয় মানুষের সাথে পরিচিত হতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে।"
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, "যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার কৌশলগত ও কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। মার্কিন রাষ্ট্রদূতের এই বরিশাল সফর দুই দেশের পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক ও বাণিজ্যিক দ্বিপাক্ষিক সম্ভাবনাকে আরও বেগবান করবে।"
এর আগে সকালে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বরিশাল সদর উপজেলার ঐতিহ্যবাহী কড়াপুর ইউনিয়নে অবস্থিত প্রাচীন স্থাপত্যের নিদর্শন 'মিয়াবাড়ি মসজিদ' পরিদর্শন করেন এবং এর অনন্য নির্মাণশৈলীর ভূয়সী প্রশংসা করেন।
|