ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

প্রকাশ: সোমবার, ১০ আগস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ণ
ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

মো. ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় এ কে এম ছামিউল হক (২৭) নামের এক সহকারী জজ নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারটির চালক ইদ্রিস আলী (৪৬) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত এ কে এম ছামিউল হক জামালপুর জজ আদালতের অধীন ইসলামপুর সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা জেলা সদরের সাতপাই ছোটগাড়া এলাকার এ কে এম ফজলুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিচারক ছামিউল হক ঢাকার লালমাটিয়া থেকে একটি প্রাইভেটকারযোগে কর্মস্থল জামালপুরে ফিরছিলেন। পথিমধ্যে লাহিড়ীকান্দা এলাকায় পৌঁছালে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকের পেছনে তাঁদের প্রাইভেটকারটি প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সহকারী জজ ছামিউল হক মৃত্যুবরণ করেন এবং গাড়িচালক ইদ্রিস আলী মারাত্মক আহত হন।

জানা যায়, রডবোঝাই ট্রাকটির একটি চাকা ফুটো (পাংচার) হওয়ায় চালক ও হেলপার সেটিকে সড়কের ওপর রেখেই ঘুমিয়ে পড়েছিলেন। কোনো ধরনের সতর্কসংকেত বা আলো না থাকায় অন্ধকারের মধ্যে পেছন থেকে আসা প্রাইভেটকারটি দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে দেখতে না পেয়ে সজোরে ধাক্কা দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় আহত চালককে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন