চলতি শরতেই কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প
কালের কণ্ঠ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সাথে চলতি শরতেই সশরীরে একটি শীর্ষ বৈঠকে বসার তীব্র তাগিদ দিচ্ছেন।
প্রতিবেদনে জানানো হয়, আগামী নভেম্বরে চীনের শেনঝেন শহরে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে এশিয়ায় সফরের পরিকল্পনা রয়েছে ট্রাম্পের।
প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৮ ও ২০১৯ সালে সিঙ্গাপুর, ভিয়েতনামের হ্যানয় এবং দুই কোরিয়ার মধ্যবর্তী সামরিক মুক্ত অঞ্চলে কিম জং উনের সাথে ঐতিহাসিক তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়।
২০২৫ সালে ট্রাম্প পুনর্নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফেরার পর থেকে কিমের সঙ্গে তাঁর "ব্যক্তিগত সুসম্পর্ক"-এর কথা বারবার তুলে ধরছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কিমের সঙ্গে পুরোনো ছবি শেয়ার করে ট্রাম্প লেখেন, ‘আমরা একে অপরকে বুঝি এবং কিম আমাকে সবসময় সম্মান করেন’।
কিম জং উনের সঙ্গে এই ইতিবাচক কূটনৈতিক বার্তা বজায় রাখতে ট্রাম্প সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
|