ব্রাহ্মণবাড়িয়ায় নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা এলাকায় শ্বশুরবাড়িতে সাকিনা আক্তার (১৮) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী সৌদি প্রবাসী সাকিবকে (২৫) আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) ভোররাতে রাধিকা এলাকায় স্বামীর বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাকিনা আক্তার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের (পূর্বপাড়া) হুমায়ুন মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সাকিনা অসুস্থ বলে তাঁর বাপের বাড়িতে খবর দেন স্বামী সাকিব। স্বজনরা দ্রুত ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পৌঁছে সাকিনার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এদিকে ঘটনার পরপরই শ্বশুরবাড়ির লোকজন ঘরে তালা ঝুলিয়ে কেটে পড়ে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

নিহতের বড় বোন খাদিজা জানান, মাত্র আড়াই মাস আগে চার লাখ টাকা দেনমোহরে মোস্তফা মিয়ার ছেলে সাকিব সঙ্গে সাকিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই গৃহস্থালি কাজ নিয়ে স্বামী ও শাশুড়ি আশেদা বেগমের সঙ্গে সাকিনার বিরোধ তৈরি হয় এবং তাকে নির্যাতন করা হতো।

খাদিজার দাবি, "ঘটনার দিন স্বামী ও শাশুড়ি মিলে সাকিনাকে বেধড়ক মারধর করেন। নির্যাতনে তার কান দিয়ে রক্ত ঝরছিল এবং গলায় আঘাতের স্পষ্ট দাগ ছিল। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।" তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর মূল কারণ জানা যাবে এবং লিখিত অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন