রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আল্লামা মামুনুল হকের শুভেচ্ছা
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব ও প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) প্রদত্ত এক বিজ্ঞপ্তিতে আল্লামা মামুনুল হক বলেন, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনের পর আমরা প্রত্যাশা করেছিলাম, রাষ্ট্রব্যবস্থায় শুধু ব্যক্তি বা সরকারের পরিবর্তন নয়; বরং ক্ষমতার কাঠামোতেও মৌলিক রূপান্তর ঘটবে। তবে সংবিধান সংশোধন ও গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের আগেই পুরোনো প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে প্রশ্ন উত্থাপন করেন তিনি।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দ্বিকক্ষ সংসদের সদস্যদের গোপন ব্যালটে নির্বাচন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা, দণ্ডপ্রাপ্তদের ক্ষমার আবেদনে ভুক্তভোগী পরিবারের মতামত গ্রহণ এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে 'চেক অ্যান্ড ব্যালান্স' প্রতিষ্ঠার মতো জরুরি বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।
তিনি আরও বলেন, “এসব কাঠামোগত সংস্কার বাস্তবায়নের আগেই আগের নিয়মে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যার ফলে জনমনে প্রশ্ন দেখা দেওয়া স্বাভাবিক। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো দীর্ঘদিনের আন্দোলনসংগ্রামের সহযোদ্ধার কাছে আমরা আশাবাদী। তিনি রাষ্ট্রপতি হিসেবে দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে জনগণের অধিকার, ন্যায়বিচার ও রাষ্ট্রের ভারসাম্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে আমরা বিশ্বাস করি।”
পরিশেষে, আল্লামা মামুনুল হক নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করার তাওফিক প্রার্থনা করেন।
এআইএল/সকালবেলা
|