হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানকে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের কড়া আহ্বান

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ণ
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানকে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের কড়া আহ্বান

অনলাইন ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক ও অস্ত্র সহায়তা দেওয়া অবিলম্বে বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের শক্তিশালী অর্থনৈতিক জোট জি-৭ (G7)। জোটটির পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন, হুতিদের প্রতি তেহরানের এ ধরনের সামরিক সহায়তা লোহিত সাগর অঞ্চলে চরম উত্তেজনা বাড়াচ্ছে এবং আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকের পর দেওয়া বিবৃতিতে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা ইয়েমেনে হুতিদের হামলা ও সাম্প্রতিক সামরিক তৎপরতার তীব্র নিন্দা জানান। বিশেষ করে লোহিত সাগরে বেসামরিক নৌযান ও সৌদি আরবের সীমান্ত লক্ষ্য করে চালানো হামলার কঠোর সমালোচনা করা হয়।

আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরার বরাতে জানা যায়, জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা হুতিদের সব ধরনের সামরিক কর্মকাণ্ড, আন্তর্জাতিক বাণিজ্য জাহাজের ওপর হুমকি ও হামলা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন। একই সাথে আঞ্চলিক শান্তি ফিরিয়ে আনতে হুতিদের রাজনৈতিক প্রক্রিয়ায় আন্তরিকভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

জি-৭ বিবৃতিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের ওপর ক্রমাগত হামলা বিশ্ব সরবরাহ শৃঙ্খল (সাপ্লাই চেইন) এবং আঞ্চলিক নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

উল্লেখ্য, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত এই অনানুষ্ঠানিক জোটটি বিশ্ব অর্থনীতি, ভূরাজনীতি ও নিরাপত্তা ইস্যুতে আন্তর্জাতিক নীতি নির্ধারণে অত্যন্ত প্রভাবশালী ভূমিকা পালন করে।

মন্তব্য করুন