কুবি শিক্ষার্থী অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ক্যাম্পাসে মৌন মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ণ
কুবি শিক্ষার্থী অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ক্যাম্পাসে মৌন মিছিল

অনলাইন ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী ইশায়াকত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও শিক্ষার্থীদের উত্থাপিত চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ক্যাম্পাসে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে মিছিলটি শুরু হয়। শিক্ষার্থীরা সবাই বুকে কালো ব্যাজ ধারণ করে মৌন মিছিলে অংশ নেন। পরে মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ও প্রদক্ষিণ করে।

কর্মসূচি থেকে শিক্ষার্থীরা অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের ৪ দফা দাবি দ্রুত বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে কুমিল্লা নগরের দক্ষিণ মোড় এলাকার লালমাই পাহাড়ের পাদদেশের একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হওয়ার পর পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিল। অপ্রতিমের মাথায় একাধিক আঘাতের চিহ্ন পেয়েছিল পুলিশ। অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। এ হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মন্তব্য করুন