ডোমার ট্যাপেন্টাডলসহ যুবক আটক

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ণ
ডোমার ট্যাপেন্টাডলসহ যুবক আটক

মোঃ মকবুলার রহমান, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. বুলবুল ওরফে শুকুরু (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চিলাহাটি বাজারের সোনার মদিনা হোটেলের সামনে অভিযান চালিয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল তাঁকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে সন্দেহভাজন হিসেবে শুকুরুকে তল্লাশি করা হয়। পরে তাঁর প্যান্টের পকেটে থাকা সিগারেটের প্যাকেটের ভেতর থেকে ১০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। আটক শুকুরু ডোমার উপজেলার ১ নম্বর ভোগডাবুড়ী ইউনিয়নের নতুন সরকারপাড়া এলাকার ছুটুর ছেলে।

স্থানীয়রা জানান, শুকুরু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর মাদক ব্যবসার ভিডিও ছড়িয়ে পড়ার কথা জানান অনেকে। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। চিলাহাটি বাজারসহ আশপাশের এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিকী জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন