মমতা বন্দ্যোপাধ্যায়ের জরুরি বার্তা

রাকিবুল হাসান
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০২:২০ অপরাহ্ণ
মমতা বন্দ্যোপাধ্যায়ের জরুরি বার্তা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় যখন টান টান উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখনই ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করে এক ‘জরুরি বার্তা’ দিয়েছেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের প্রার্থী এবং এজেন্টদের প্রতি কড়া নির্দেশ দিয়ে বলেন, কোনো অবস্থাতেই যেন তারা ভোট গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে না আসেন। তিনি কর্মীদের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার এবং প্রতিটি ভোট সঠিকভাবে গণনা হচ্ছে কি না, তা নিশ্চিত করার আহ্বান জানান।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, গণনায় জালিয়াতি বা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস যে আসনগুলোতে এগিয়ে আছে, সেই খবরগুলো প্রচার করা হচ্ছে না। জনগণকে এবং কর্মীদের পুরোপুরি মিথ্যা খবর খাওয়ানো হচ্ছে।”

বিজেপির বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলে তিনি আরও বলেন, “ওরা (বিজেপি) ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু আমাদের ভয় পেলে চলবে না। গণনাকেন্দ্রে আমাদের এজেন্টদের উপস্থিত থাকাটা এখন সবচেয়ে জরুরি।”

উল্লেখ্য যে, আজ সকাল থেকে শুরু হওয়া ভোট গণনার প্রাথমিক প্রবণতায় রাজ্যের ২৯৩টি আসনের মধ্যে বিজেপি অনেকগুলো আসনে এগিয়ে থাকার খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তুলনামূলক পিছিয়ে রয়েছে। ঠিক এই মুহূর্তেই মমতার এমন বার্তা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

অনেকেই মনে করছেন, কর্মীদের মনোবল চাঙা রাখতে এবং গণনাকেন্দ্রে শেষ মুহূর্ত পর্যন্ত নজরদারি বজায় রাখতেই মমতা এই কৌশল নিয়েছেন। তবে নির্বাচন কমিশন এখন পর্যন্ত গণনার প্রক্রিয়া স্বচ্ছ বলেই দাবি করে আসছে। বিকেল নাগাদ চূড়ান্ত ফলাফল স্পষ্ট হলে বোঝা যাবে মমতার এই আশঙ্কার ভিত্তি কতটুকু।

মন্তব্য করুন