ইসরাইলি নাগরিক পেলেই দেশছাড়া করা হবে: আনোয়ার ইব্রাহিম
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা দিয়েছেন, তাঁর দেশে কোনো ইসরাইলি নাগরিকের উপস্থিতি শনাক্ত করা গেলেই তাঁকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে।
গতকাল বুধবার (১৫ জুলাই ২০২৬) তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন। একই সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের একটি আবাসিক কমিউনিটির কার্যক্রমে একজন ইসরাইলি নাগরিক যুক্ত থাকার অভিযোগ খতিয়ে দেখছে প্রশাসন।
ইংরেজি দৈনিক ফ্রি মালয়েশিয়া টুডে-র প্রতিবেদন অনুযায়ী, মালয়েশীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সরকার কাউকেই কোনো ধরনের ছাড় দেবে না।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্পষ্ট করে বলেন, "আমরা যদি দেশের কোথাও কোনো ইসরাইলি নাগরিককে খুঁজে পাই, তবে তাঁকে সঙ্গে সঙ্গেই বের করে দেওয়া হবে। কারণ, মালয়েশিয়া ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না।"
উল্লেখ্য, ঐতিহাসিকভাবেই মালয়েশিয়া ইসরাইলকে স্বীকৃতি দেয় না। এর ফলে বিশেষ সরকারি অনুমতি ছাড়া দেশটির সীমানায় ইসরাইলি পাসপোর্টধারীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
সম্প্রতি জোহর রাজ্যের একটি স্টার্টআপ কমিউনিটি নেটওয়ার্ক স্কুলে একজন ইসরাইলি নাগরিকের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এরপরই জোহর রাজ্য সরকার ফেডারেল পর্যায়ে তদন্তের আহ্বান জানায়। এর পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত তদন্ত শুরু করেছে।
এদিকে, গত বুধবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, ফরেস্ট সিটি আন্তর্জাতিক কমিউনিটিতে বিশেষ তল্লাশি চালিয়ে ২৬৬ জন বিদেশি নাগরিকের নথিপত্র পরীক্ষা করা হয়েছে। তবে তাদের সবার কাছেই বৈধ অভিবাসন সংক্রান্ত কাগজপত্র পাওয়া গেছে এবং সন্দেহভাজন কোনো ইসরাইলি নাগরিকের হদিস মেলেনি।
সূত্র: আনাদোলু এজেন্সি ও মালায়া মেইল
এআইএল/সকালবেলা
|