গাড়াগঞ্জকে উপজেলা করার দাবিতে মানববন্ধন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ণ
গাড়াগঞ্জকে উপজেলা করার দাবিতে মানববন্ধন

মোঃ বাপ্পি, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জকে নতুন উপজেলা এবং পৌরসভা হিসেবে ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। 

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সকালে গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এই মানববন্ধনে ওই অঞ্চলের সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ প্রতিনিধি অংশ নেন।

ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণকারীরা গাড়াগঞ্জকে প্রশাসনিকভাবে স্বতন্ত্র স্বীকৃতির দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান এবং জনসংখ্যার ঘনত্বের বিবেচনায় গাড়াগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। বর্তমানে শৈলকুপা উপজেলা সদর থেকে বেশ দূরে হওয়ায় এই অঞ্চলের মানুষকে সাধারণ দাপ্তরিক ও নাগরিক সেবা পেতে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

বক্তারা আরও উল্লেখ করেন, ত্রিবেণী, দিগনগর, উমেদপুর, দুধসর, ফুলহরি ও মির্জাপুর—এই ছয়টি ইউনিয়নকে নিয়ে একটি পৃথক উপজেলা ও গাড়াগঞ্জ পৌরসভা গঠন করা হলে এ অঞ্চলের প্রশাসনিক কাজের গতিশীলতা বাড়বে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছানো অনেক সহজ হবে।

উপস্থিত বক্তারা অবিলম্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দ্রুত প্রয়োজনীয় জরিপ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান। স্থানীয় জনসাধারণের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন