জুলাই শহীদদের প্রতি গোপালগঞ্জ জেলা প্রশাসনের শ্রদ্ধা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ণ
জুলাই শহীদদের প্রতি গোপালগঞ্জ জেলা প্রশাসনের শ্রদ্ধা

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সকাল ১০টায় জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সংক্ষিপ্ত আলোচনা সভা ও শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান সম্পন্ন হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা রফিকউজ্জামান, গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জনাব আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার (এসপি) হাবীবুল্লাহ প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, "জুলাইয়ের বীর যোদ্ধারা বাংলাদেশকে একটি নতুন জন্ম দিয়েছেন। তাঁদের এই ঐতিহাসিক ও আত্মত্যাগী অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে।"

গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা রফিকউজ্জামান তাঁর বক্তব্যে বলেন, "জুলাই আন্দোলনের বীর শহীদ ও যোদ্ধারা আমাদের জাতীয় চেতনাকে পুনরুজ্জীবিত করেছেন এবং আমাদের একটি আধুনিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দিকে ধাবিত করেছেন।"

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শেষ হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন