লন্ডনে মসজিদে হামলার ছক, কিশোর গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ণ
লন্ডনে মসজিদে হামলার ছক, কিশোর গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের দক্ষিণ লন্ডনে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে ১৪ বছর বয়সি এক কিশোরের বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট মামলা দায়ের করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি চরম ডানপন্থি উগ্র মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত, যা স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।

গত বুধবার (১৫ জুলাই ২০২৬) লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানায়, নাম প্রকাশ না করা ওই কিশোরের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। তার মূল পরিকল্পনা ছিল দক্ষিণ লন্ডনের সাটন এলাকার দুটি মসজিদে হামলা চালানো।

পুলিশ জানায়, প্রথমে গত ৯ জুলাই বর্ণবিদ্বেষমূলক উদ্দেশ্যে একটি গাড়ির জানালা ভাঙার অভিযোগে ওই কিশোরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু উদ্বেগজনক ও উগ্রবাদী নথি উদ্ধার করেন গোয়েন্দারা। এর পরপরই মেট পুলিশের সন্ত্রাসবাদবিরোধী ইউনিট তদন্তে নামে এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা যুক্ত করা হয়। আদালতের নির্দেশে বর্তমানে ওই কিশোরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আজ বৃহস্পতিবার তাকে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।

লন্ডন পুলিশ নিশ্চিত করেছে, হামলার ছক ফাঁস হওয়ার পরপরই বিশেষজ্ঞ কর্মকর্তারা সাটন এলাকার ওই দুটি মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাদের সার্বিক নিরাপত্তাবিষয়ক পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দিয়েছেন। এই ঘটনার সঙ্গে অন্য কোনো চক্র বা ব্যক্তি জড়িত নেই এবং বর্তমানে জননিরাপত্তার জন্য বাড়তি কোনো হুমকি নেই বলেও জানিয়েছে প্রশাসন।

লন্ডনের সন্ত্রাসবাদবিরোধী পুলিশের প্রধান কমান্ডার হেলেন ফ্লানাগান বলেন, ‘এত অল্প বয়সি একজনের বিরুদ্ধে এমন গুরুতর সন্ত্রাসবাদের অভিযোগ অত্যন্ত আশঙ্কাজনক। এটি মুসলিম সম্প্রদায়ের মধ্যে স্বাভাবিকভাবেই ভীতি ও উদ্বেগ সৃষ্টি করবে।’ তিনি আরও উল্লেখ করেন যে, সাম্প্রতিক সময়ে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট তদন্তে অল্প বয়সিদের জড়িয়ে পড়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। তাই তিনি অভিভাবক ও শিক্ষকদের শিশুদের আচরণের প্রতি আরও সতর্ক ও নজরদারির আহ্বান জানিয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন