টানা বর্ষণে ক্ষত-বিক্ষত রাঙামাটি, জনজীবন বিপর্যস্ত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ণ
টানা বর্ষণে ক্ষত-বিক্ষত রাঙামাটি, জনজীবন বিপর্যস্ত

মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙামাটি প্রতিনিধি: টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত হয়ে পড়েছে পার্বত্য জেলা রাঙামাটি। জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধস ও সড়ক ধসের কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি তলিয়ে গেছে শত শত একর ফসলি জমি। ক্ষয়ক্ষতি সামাল দিতে ইতিমধ্যে জরুরি সংস্কার কাজ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন।

টানা বর্ষণে রাঙামাটির নিচু এলাকার বিস্তীর্ণ কৃষিজমি প্লাবিত হয়েছে। এতে আমন ধানের বীজতলা, শাকসবজি ও বিভিন্ন মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। চোখের সামনে কষ্টার্জিত ফসল পানির নিচে তলিয়ে যেতে দেখে চরম হতাশায় পড়েছেন স্থানীয় কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান জানান, কৃষি বিভাগ ইতিমধ্যে মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত পুনর্বাসন ও সরকারি সহায়তা নিশ্চিতের আশ্বাস দেন তিনি।

অতিবৃষ্টির কারণে জেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের একাধিক স্থানে ছোট-বড় ধস দেখা দিয়েছে। কোথাও পাহাড় ধসে মাটি সড়কের ওপর পড়েছে, আবার কোথাও সড়কের একাংশ ধসে মাটির নিচে দেবে গেছে। এতে যান চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে গেছে। গ্রামীণ অবকাঠামো ও বসতবাড়িও পাহাড়ি ঢলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাঙামাটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, ক্ষতিগ্রস্ত সড়কগুলো ইতিমধ্যে পরিদর্শন করা হয়েছে এবং যোগাযোগ স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু হয়েছে। ভবিষ্যতে এ ধরনের পাহাড়ধস ঠেকাতে দীর্ঘমেয়াদি ও স্থায়ী প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

পার্বত্য জেলার জনজীবন দ্রুত স্বাভাবিক করতে ক্ষতিগ্রস্ত সড়কগুলোর স্থায়ী সংস্কার ও প্রান্তিক কৃষকদের জন্য জরুরি সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন