ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের গোপন তথ্য কাজে লাগিয়ে প্রেডিকশন মার্কেটে বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার লাভের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। খবর সিএনএন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মার্কিন বিচার বিভাগের প্রকাশিত অভিযোগপত্রে বলা হয়েছে, মাস্টার সার্জেন্ট গ্যানন কেন ভ্যান ডাইক গত ডিসেম্বরের শেষে প্রেডিকশন মার্কেট প্ল্যাটফর্ম পলিমার্কেটে একটি অ্যাকাউন্ট খুলে বাজি ধরেন যে, জানুয়ারির মধ্যে মাদুরো ক্ষমতা থেকে সরে যাবেন। তদন্তে দেখা গেছে, ভ্যান ডাইক ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’ নামের গোপন সামরিক অভিযানের সাথে সরাসরি যুক্ত ছিলেন এবং অভিযানের গোপন তথ্য ব্যবহার করে বাজি ধরে লাভবান হন। ফোর্ট ব্র্যাগে কর্মরত এই সেনাসদস্যের বিরুদ্ধে গোপন তথ্য চুরি, প্রতারণা ও চুরিসহ মোট পাঁচটি ফৌজদারি অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে তিনি ১৩টি বাজি ধরেন এবং অর্জিত অর্থ ক্রিপ্টোকারেন্সি ও অনলাইন ব্রোকারেজ অ্যাকাউন্টের মাধ্যমে সরিয়ে নিয়ে উৎস গোপনের চেষ্টা করেন। নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জে ক্লেটন বলেন, দেশের গোপন তথ্য ব্যক্তিগত লাভে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এদিকে যুক্তরাষ্ট্রের কমোডিটি ফিউচার ট্রেডিং কমিশনও তার বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করে জরিমানা ও অর্থ ফেরতের দাবি জানিয়েছে।
উল্লেখ্য, মার্কিন সেনাবাহিনী কারাকাসের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে মাদুরোকে আটক করে নিউইয়র্কে নিয়ে আসে, যেখানে তিনি মাদক পাচার সংক্রান্ত অভিযোগে বিচার মোকাবিলা করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে প্রেডিকশন মার্কেটে বাজি ধরার প্রবণতা নিয়ে বিতর্ক বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিষয়টিকে বেসবল তারকা পেট রোজের নিজের দলের ওপর বাজি ধরার সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, “পুরো বিশ্বই যেন এক ধরনের ক্যাসিনো হয়ে গেছে... আমি এতে সন্তুষ্ট নই।” পলিমার্কেট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তদন্তে পূর্ণ সহযোগিতা করছে এবং তাদের প্ল্যাটফর্মে ‘ইনসাইডার ট্রেডিংয়ের’ কোনো স্থান নেই।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ