বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

বিনোদন ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেল পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবননির্ভর সিনেমা ‘মাইকেল’। শুক্রবার (২৪ এপ্রিল) আন্তর্জাতিকভাবে মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। এই সিনেমার মাধ্যমে মৃত্যুর ১৬ বছর পর রুপালি পর্দায় যেন আবারও জীবন্ত হয়ে উঠলেন কিংবদন্তি এই সংগীতশিল্পী।

পর্দায় যখন আসল জ্যাকসন: সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের নাম ভূমিকায় অভিনয় করেছেন তাঁরই ভাইপো জাফার জ্যাকসন। জাফারের বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক এবং নাচের প্রতিটি মুদ্রায় হুবহু মাইকেলকে খুঁজে পাচ্ছেন দর্শক ও সমালোচকরা। তিনবার অস্কার মনোনীত জন লোগানের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকুয়া।

গল্পের বিস্তার: লায়ন্সগেটের প্রযোজনায় এই বায়োপিকে মাইকেলের শৈশব, ভাইদের সঙ্গে গড়ে তোলা ব্যান্ড ‘দ্য জ্যাকসন ৫’, একক ক্যারিয়ারে আকাশচুম্বী সাফল্য এবং বিশ্বখ্যাত ‘থ্রিলার’ অ্যালবামের নেপথ্য গল্প তুলে ধরা হয়েছে। গানের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই ও নাটকীয় মুহূর্তগুলোও পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে।

তারকাবহুল কাস্টিং: কেন্দ্রীয় চরিত্রে জাফার জ্যাকসন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন নিয়া লং, লরা হ্যারিয়ার, মাইলস টেলার এবং কোলম্যান ডোমিঙ্গোর মতো প্রভাবশালী অভিনয়শিল্পীরা। কিংবদন্তি এই তারকার শৈশব থেকে শুরু করে ২০০৯ সালে তাঁর আকস্মিক প্রয়াণ পর্যন্ত ঘটনাবলি এক সুতোয় গেঁথেছে এই বায়োপিক।

১৯৫৮ সালে জন্ম নেওয়া মাইকেল জ্যাকসন আজও বিশ্বের কোটি ভক্তের হৃদয়ে সংগীত ও নৃত্যের জাদুকর হিসেবে অমর হয়ে আছেন। এই সিনেমার মাধ্যমে নতুন প্রজন্মের কাছেও তাঁর বর্ণাঢ্য জীবন পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন