মেলান্দহে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মেলান্দহে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকীর বিরুদ্ধে এক বৃদ্ধের জমি দখল এবং পরিবারকে হুমকির অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ফুলছেন্না এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ভুক্তভোগী হাজী আঃ রহমান মন্টু।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাজী আঃ রহমান মন্টু জানান, ফুলছেন্না মৌজায় তার ক্রয়কৃত ৩৫ শতাংশ জমি তিনি দীর্ঘ ৩৭ বছর ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু বর্তমানে সরকার পরিবর্তনের পর স্থানীয় বিএনপি নেতা নুরুল আলম সিদ্দিকী ওই জমির ওপর কুদৃষ্টি দেন। ভুক্তভোগীর দাবি, গত ১২ ফেব্রুয়ারি নুরুল আলম সিদ্দিকীর লোকজন তার জমির ভুট্টা ক্ষেত নষ্ট করে দেয় এবং সেখানে জোরপূর্বক মাটি ভরাট করে দখলের অপচেষ্টা চালায়।

মন্টুর ছেলে মোস্তাফিজুর রহমান রানা বলেন, "আমরা চাকরিজীবী হওয়ায় অধিকাংশ সময় এলাকার বাইরে থাকি। এই সুযোগে নুরুল আলম সিদ্দিকী দলের নাম ভাঙিয়ে আমাদের জমি দখলের পায়তারা করছেন। প্রতিবাদ করলে আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।" পরিবারটি এই বিষয়ে স্থানীয় প্রশাসন ও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছে।

অভিযোগের বিষয়ে নুরুল আলম সিদ্দিকীর মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, "আমাদের দলে কারও অন্যায় করার সুযোগ নেই। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে বিরত থাকতে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। কারও ব্যক্তিগত অন্যায়ের দায় দল নেবে না।"

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন