ক্রিমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, ২৯ জনের প্রাণহানি

ক্রিমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, ২৯ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে এ তথ্য জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বার্তাসংস্থা তাস নিউজ মন্ত্রণালয়ের বরাতে বলেছে, কৃষ্ণ সাগরের কাছে ক্রিমিয়ার একটি পাহাড়ের চূড়ায় বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ছয়জন ক্রু এবং ২৩ জন সাধারণ যাত্রী মারা গেছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মস্কোর সময় অনুযায়ী ৩১ মার্চ রাত ৮টার দিকে একটি এএন-২৬ সামরিক পরিবহন বিমান রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। বিমানটি ক্রিমিয়ায় একটি পূর্বনির্ধারিত ফ্লাইট অনুযায়ী উড়ছিল। বিমানটিতে সর্বমোট কতজন যাত্রী ছিলেন সেটি স্পষ্ট না করলেও রাশিয়া জানিয়েছে, দুর্ঘটনায় কেউ বেঁচে নেই। বার্তাসংস্থা আরআইএ জানিয়েছে, প্রাথমিক তদন্তে প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: এএফপি।

এএন-২৬ সামরিক পরিবহন বিমানগুলো মূলত ১৯৬০-এর দশক থেকে মালবহনের কাজে ব্যবহার করা হচ্ছে। এই মডেলের একাধিক বিমান এর আগেও বিভিন্ন সময় দুর্ঘটনার কবলে পড়েছে। ২০২২ সালে ইউক্রেনের একটি এএন-২৬ বিমান বিধ্বস্ত হয়ে একজন প্রাণ হারান। তারও আগে ২০২০ সালে দেশটির আরেকটি একই মডেলের বিমান বিধ্বস্ত হয়ে ২৬ জন নিহত হন, তবে সেবার এক যাত্রী অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। সূত্র: এএফপি।

অপরদিকে দক্ষিণ সুদানে রুশ সেনাবাহিনীর এএন-২৬ বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছিলেন, যার মধ্যে পাঁচজন ছিলেন রুশ নাগরিক। এছাড়া ২০১৭ সালে আইভরি কোস্টে তাদের আরেকটি বিমান বিধ্বস্ত হলে ১০ জন প্রাণ হারান। সূত্র: এএফপি।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন