ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: গত এক মাসেরও বেশি সময় ধরে যুদ্ধরত ইরান ও ইসরায়েল শিগগিরই ৪৫ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হতে পারে। সোমবার (৬ এপ্রিল) যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী থেকে অবরোধ প্রত্যাহার এবং সমঝোতা চুক্তিতে আসার জন্য যে সময়সীমা দিয়েছিলেন, তার মেয়াদ আজ শেষ হচ্ছে। এর আগে রোববার ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ৪৮ ঘণ্টার মধ্যে সমঝোতা না হলে ইরানের সব বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ট্রাম্পের আল্টিমেটাম ইরান সরাসরি মেনে নেওয়ার সম্ভাবনা ক্ষীণ হলেও, এই ৪৫ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের উত্তেজনা নাটকীয়ভাবে কমিয়ে আনতে পারে।
প্রস্তাবিত এই যুদ্ধবিরতি হবে দুই স্তরের। প্রথম স্তরে ৪৫ দিন ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরস্পরকে লক্ষ্য করে সব ধরনের হামলা থেকে বিরত থাকবে। এই সময়ের মধ্যেই মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে তিন দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। আশা করা হচ্ছে, এই আলোচনা দেশগুলোকে একটি টেকসই শান্তির দিকে নিয়ে যাবে।
এদিকে গতকাল এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরানের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের ‘গভীর আলোচনা’ চলছে। তিনি আশা প্রকাশ করেন, ডেডলাইন পেরোনোর আগেই আলোচনার একটি ইতিবাচক ফলাফল আসবে। তবে তিনি আবারও সতর্ক করে বলেন, “ইরানের সামনে ভালো সুযোগ আছে, কিন্তু তারা সমঝোতায় না পৌঁছালে আমি তাদের সবকিছু উড়িয়ে দেবো।”
সূত্র: এক্সিওস
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ