জামালপুরে তেল না পেয়ে সড়ক অবরোধ

জামালপুরে তেল না পেয়ে সড়ক অবরোধ

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর: জামালপুরের ইসলামপুরে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে ক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা সড়ক অবরোধ করেছেন। 

সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৭টা থেকে প্রায় দুই ঘণ্টা ব্যাপী এই অবরোধের ফলে সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর থেকেই ইসলামপুর উপজেলার মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে শতাধিক মোটরসাইকেল চালক জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও পাম্প কর্তৃপক্ষ তেল বিক্রি শুরু না করায় চালকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে তারা পাম্পের সামনের প্রধান সড়কটি অবরোধ করেন।

অবরোধের কারণে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা চরম দুর্ভোগে পড়েন। সকাল সাড়ে ৯টার দিকে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ চালকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় যান চলাচল শুরু হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান: “জ্বালানি তেল না পেয়ে মোটরসাইকেল চালকরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করে এবং অবরোধ তুলে দেয়। বর্তমানে ওই এলাকায় যান চলাচল ও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

সারাদেশে জ্বালানি তেলের বর্তমান সংকটের প্রেক্ষাপটে সাধারণ গ্রাহকদের মধ্যে এমন অস্থিরতা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন