সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে শোরুম কর্মীকে কুপিয়ে হত্যা

সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে শোরুম কর্মীকে কুপিয়ে হত্যা

মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পূর্ব শত্রুতার জেরে লিটন (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত লিটন একটি গাড়ির শোরুমে কর্মরত ছিলেন। 

রোববার (৫ এপ্রিল ২০২৬) রাতে পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় একটি গাড়ির শোরুমে চাকরি করতেন এবং সোনারগাঁও পৌর এলাকার হামছাদী গ্রামে ভাড়া বাড়িতে থাকতেন।

স্থানীয় ও বিশ্বস্ত সূত্র মতে, স্থানীয় 'শাকিব গ্রুপ'-এর সঙ্গে লিটনের আগে থেকেই বিরোধ ছিল। গত শনিবার লিটনের সঙ্গে ওই গ্রুপের সদস্যদের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এরই ধারাবাহিকতায় রোববার রাতে রতনপুর এলাকায় ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত লিটনের ওপর হামলা চালায় এবং তাকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।

নিহতের শ্বশুর আব্দুর রউফ প্রকাশ্যে অভিযোগ করে বলেন: "আমার মেয়ের জামাই লিটনের সঙ্গে তার বন্ধুদের দ্বন্দ্ব ছিল। আমাদের ধারণা, সেই বন্ধুরাই পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে হত্যা করেছে।"

খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সোনারগাঁও থানার পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া বিরাজ করছে। নিহতের পরিবার থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন