ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে সময় বাড়ার সাথে সাথে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে জেলা সদরসহ প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ আইসোলেশন কর্নার চালু করে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা সদর হাসপাতালে ২০ শয্যার একটি ডেডিকেটেড আইসোলেশন কর্নার চালু করা হয়েছে। বর্তমানে সেখানে ১৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. আহমেদ ফয়সল জামান জানান, এ পর্যন্ত ৩০ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ শয্যার আইসোলেশন কর্নার খোলার নির্দেশ দেওয়া হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, জেলার বিভিন্ন উপজেলা হাসপাতালে এ পর্যন্ত প্রায় ১০০ জন রোগী হামের উপসর্গ নিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মৌলভীবাজারের সিভিল সার্জন মো. মামুনুর রহমান বলেন: "প্রতিদিন হামের লক্ষণ নিয়ে আসা রোগীর সংখ্যা বাড়ছে। আমরা সদর হাসপাতালে শয্যা সংখ্যা প্রয়োজনে আরও বৃদ্ধির প্রস্তুতি রেখেছি। অনেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঢাকা থেকে রিপোর্ট আসতে কিছুটা সময় লাগলেও আমরা লক্ষণ অনুযায়ী নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা চালিয়ে যাচ্ছি।"
স্বাস্থ্য বিভাগ থেকে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে শিশুদের দ্রুত টিকাদান নিশ্চিত করার এবং কোনো উপসর্গ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ