ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় অধিক দামে বিক্রির উদ্দেশ্যে পুকুরের পানিতে লুকিয়ে রাখা ২০০ লিটার ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এই অপরাধে এক নারী তেল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল ২০২৬) কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ এই অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম আসমা খাতুন। তিনি উপজেলার কান্দি ইউনিয়নের হিজলবাড়ী গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আসমা খাতুন বাজারের কৃত্রিম সংকট তৈরি করে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে এক ব্যারেল ডিজেল তার বাড়ির পাশের পুকুরের পানিতে লুকিয়ে রেখেছেন। এই তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহর নেতৃত্বে একটি দল অভিযান চালায়। দীর্ঘ তল্লাশির পর পুকুরের পানির নিচ থেকে ২০০ লিটার ডিজেল ভর্তি একটি ড্রাম বা ব্যারেল উদ্ধার করা হয়।
জ্বালানি তেল অবৈধভাবে মজুত করার অপরাধ স্বীকার করায় এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসমা খাতুনকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে উদ্ধারকৃত ডিজেল সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ বলেন: “বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুত ঠেকাতে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ