কালীগঞ্জে র‍্যাবের অভিযানে ৩ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালীগঞ্জে র‍্যাবের অভিযানে ৩ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মানজুরুল ইসলাম, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে র‍্যাব-১৩-এর একটি বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৩২ বোতল ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

রোববার (৫ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩-এর একটি চৌকস দল কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট আলহাজ্ব আব্দুল কাদির জামে মসজিদের সামনের পাকা রাস্তায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন তিন নারীকে তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: ১. রুপালী বেগম (৪৩), পিতা: ওয়াহেদ আলী, আক্কেলপুর, জয়পুরহাট। ২. স্মৃতি আক্তার (২৪), পিতা: মন্টু মিয়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। ৩. মোমেনা খাতুন (৪৯), পিতা: লুৎফর প্রামানিক, পাঁচবিবি, জয়পুরহাট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা ও বিভিন্ন মাধ্যম থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা প্রায়ই নারী সদস্যদের ব্যবহার করে অভিনব কৌশলে মাদক পরিবহন করতেন।

র‍্যাব-১৩-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‍্যাবের এই অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন