ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পাকিস্তানের বিরুদ্ধে মাদকাসক্তদের চিকিৎসা দেওয়া একটি হাসপাতালে বিমান হামলা চালিয়ে অন্তত ৪ শতাধিক লোককে হত্যার অভিযোগ তুলেছে আফগানিস্তান। তবে পাকিস্তান এই দাবিকে ‘মিথ্যা ও জনমতকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা’ বলে প্রত্যাখ্যান করেছে।
ইসলামাবাদ জানিয়েছে, সোমবার তারা কেবল কাবুল এবং নানগারহার প্রদেশের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। খবর আল জাজিরা।
আফগানিস্তানের তালিবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, কাবুলের ওমর অ্যাডিকশন ট্রিটমেন্ট হাসপাতালে স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে এই হামলা চালানো হয়। ২ হাজার শয্যাবিশিষ্ট এই হাসপাতালটির একটি বড় অংশ অভিযানে ধ্বংস হয়ে গেছে বলে তিনি এক্স (সাবেক টুইটার) বার্তায় জানান।
তিনি আরও যোগ করেন, ‘দুর্ভাগ্যবশত, নিহতের সংখ্যা এ পর্যন্ত ৪০০ জনে পৌঁছেছে এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন। উদ্ধারকারী দলগুলো বর্তমানে ঘটনাস্থলে রয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনা ও ভুক্তভোগীদের মরদেহ উদ্ধারে কাজ করছে।’
স্থানীয় টেলিভিশন স্টেশনগুলোতে প্রচারিত ফুটেজে দেখা গেছে, অগ্নিনির্বাপক কর্মীরা একটি ধ্বংসপ্রাপ্ত ভবনের আগুন নেভানোর চেষ্টা করছেন। হাসপাতালের নিরাপত্তারক্ষী ওমিদ স্তানিকজাই (৩১) এএফপি নিউজ এজেন্সিকে জানান, হামলার আগে তিনি আকাশে বিমানের মহড়া শুনতে পান। তিনি বলেন, ‘আমাদের চারপাশে সামরিক ইউনিট ছিল। যখন এই ইউনিটগুলো বিমান লক্ষ্য করে গুলি ছোড়ে, তখন বোমা ফেলে এবং আগুন ধরে যায়।’
তিনি আরও দাবি করেন, নিহত ও আহতদের সবাই বেসামরিক নাগরিক।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ