মাত্র ৬ হাজার টাকার চীনের সিনেমা ‘নিউ লাই’ আয় করল ২৬ কোটি টাকা

প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ণ
মাত্র ৬ হাজার টাকার চীনের সিনেমা ‘নিউ লাই’ আয় করল ২৬ কোটি টাকা
চীনে নির্মিত স্বল্প বাজেটের অ্যানিমেশন সিনেমা ‘নিউ লাই’-এর একটি প্রতীকী দৃশ্য।

অনলাইন ডেস্ক: মাত্র ৪৭ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৭০০ টাকা বাজেটে নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্যের অ্যানিমেশন সিনেমা এখন চীনের বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছে। সিনেমাটির নাম ‘নিউ লাই’। মুক্তির শুরুতে এটি দর্শকদের কাছ থেকে তেমন সাড়া না পেলেও সামাজিক যোগাযোগমাধ্যমের তীব্র আলোচনা, ট্রোল ও শেয়ারবাজারের অদ্ভুত এক সমীকরণের ওপর ভর করে ছবিটির আয় ছাড়িয়েছে ১৪.৯ মিলিয়ন ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ কোটি ৮৯ লাখ টাকা)।

একটি গরুর স্বপ্নের অদ্ভুত গল্প এবং নিম্নমানের অ্যানিমেশন গ্রাফিক্সের কারণে মুক্তির প্রথম দিকে নেটদুনিয়ায় হাস্যরসের খোরাক হয়েছিল সিনেমাটি। চীনা মুভি ট্র্যাকিং প্ল্যাটফর্ম 'মাও ইয়ান'-এর তথ্যসূত্রে জানা যায়, মুক্তির প্রথম ১০ দিনে ছবিটির আয় ছিল মাত্র ১ হাজার ১৪০ ডলার (প্রায় ১ লাখ ৩৮ হাজার টাকা)।

তবে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি এটি নিয়ে তোলপাড় শুরু হওয়ায় প্রেক্ষাগৃহে সিনেমাটির চাহিদা আকাশচুম্বী হয়ে ওঠে। বর্তমানে 'দ্য ওডিসি' ও 'স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে'-র মতো হলিউডের বিশাল বাজেটের সিনেমার পাশাপাশি স্ক্রিন শেয়ার করে প্রতিযোগিতা চালাচ্ছে ‘নিউ লাই’।

চীনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ওয়েইবো'-তে পোস্টার ও অ্যানিমেশন নিয়ে চর্চার মাঝেই ছবিটির জনপ্রিয়তার পেছনের আরেকটি ভিন্ন কারণ উঠে এসেছে। চীনে ‘গরু’ ও ‘ষাঁড়’ একই অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, যা শেয়ারবাজারের 'বুলিশ মার্জিন' বা চাঙ্গা ভাবকে নির্দেশ করে। ফলে শেয়ারবাজারের গতি চাঙ্গা হওয়ার প্রত্যাশায় অনেক বিনিয়োগকারী ও দর্শক কেবল নামের সুবাদেই সিনেমাটির টিকিট কিনছেন।

পোস্টার না থাকায় অনেক প্রেক্ষাগৃহের কর্মচারীরা হাতে এঁকে পোস্টার টাঙিয়ে প্রদর্শনীর ব্যবস্থা করছেন। তবে এই অভূতপূর্ব সফলতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম 'বেইজিং নিউজ'। তাদের এক সম্পাদকীয়তে বলা হয়েছে, এ ধরনের অত্যন্ত নিম্নমানের অ্যানিমেশনকে অতিরিক্ত স্ক্রিন দিলে সামগ্রিকভাবে প্রেক্ষাগৃহগুলো দর্শকদের কাছে বিশ্বাসযোগ্যতা হারাতে পারে। সকল বিতর্ক সত্ত্বেও স্বল্প বাজেটের সিনেমাটির এই ইতিহাস গড়া সাফল্য বর্তমানে বিশ্ব চলচ্চিত্র মহলে বিস্ময়ের জন্ম দিয়েছে।

মন্তব্য করুন