‘আপনি আমার প্রথম ক্রাশ’, অমিতাভের জবাবে লজ্জায় লাল সুনিধি চৌহান

প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ণ
‘আপনি আমার প্রথম ক্রাশ’, অমিতাভের জবাবে লজ্জায় লাল সুনিধি চৌহান
'কৌন বনেগা ক্রোড়পতি'র মঞ্চে অমিতাভ বচ্চন, সুনিধি চৌহান ও প্রসূন জোশী।

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) মঞ্চে তৈরি হলো এক স্মরণীয় ও অম্লমধুর মুহূর্ত। সম্প্রতি প্রচার হওয়া পর্বটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটির শীর্ষস্থানীয় গায়িকা সুনিধি চৌহান ও বিখ্যাত গীতিকার প্রসূন জোশী।

শো- চলাকালীন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের প্রতি নিজের সুপ্ত ভালোবাসার কথা প্রকাশ্যে স্বীকার করে নেন সুনিধি চৌহান। আবেগাপ্লুত হয়ে তিনি বিগ বি-র উদ্দেশ্যে বলেন, "আপনাকে আমরা নানা রূপ ও চরিত্রে দেখেছি। আমার কাছে আপনি ঠিক সান্তা ক্লজের মতো। সত্যি বলতে, আপনিই ছিলেন আমার জীবনের প্রথম ক্রাশ।"

সুনিধির মুখ থেকে এমন কথা শুনে চুপ থাকেননি ৮৩ বছর বয়সী মেগাস্টার অমিতাভ বচ্চন। তিনি তাঁর স্বভাবসুলভ মিষ্টি রসিকতায় হেসে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, "আমার প্রতি যে আপনার এত বড় ক্রাশ ছিল, তা তো আগে কখনো বলেননি, এখন বলছেন!" অমিতাভের এমন চটজলদি রসে ভরা উত্তর শুনে পুরো স্টুডিওতে হাসির রোল ওঠে এবং গায়িকা সুনিধি চৌহানও লজ্জায় লাল হয়ে যান।

এরপরই সুনিধি চৌহান অমিতাভের ১৯৭৮ সালের কালজয়ী 'ডন' চলচ্চিত্রের হিট গান 'ইয়ে মেরা দিল' গাইতে শুরু করেন। অমিতাভের উপস্থিতিতেই তাঁর সিনেমার এই জনপ্রিয় গানটি পরিবেশন করেন তিনি, যা উপস্থিত দর্শকদের মোহিত করে।

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে টানা ২৪ ঘণ্টা কাজ করা এবং শুটিং সামলানোর নিষ্ঠার কথা সম্প্রতি নিজের ব্লগে প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন। মেগাস্টার জানান, সময়মতো পর্বের শুটিং শেষ করে দর্শকদের কাছে পৌঁছানোই তাঁর প্রধান অগ্রাধিকার। উল্লেখ্য, এই বিনোদনমূলক কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি' নিয়মিতভাবে সম্প্রচারিত হচ্ছে সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ও সোনি লিভ প্ল্যাটফর্মে।

মন্তব্য করুন