রোমের হোটেলকক্ষ বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন নগরবাউল জেমস
বিনোদন প্রতিবেদক: ইতালির রোমে কনসার্ট খেলতে গিয়ে হোটেলকক্ষ নোংরা ও অগোছালো রেখে আসার সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ব্যান্ড তারকা নগরবাউল জেমস। তাঁর স্পষ্ট বক্তব্য, যে কক্ষটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সেটি তাঁর ছিল না, বরং দলের এক তরুণ অতিথি গিটারিস্ট সেখানে অবস্থান করছিলেন।
বৃহস্পতিবার ইতালির ভেনিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ প্রসঙ্গে কথা বলেন জেমস।
গত ১৬ আগস্ট রোমে আয়োজিত একটি সংগীতানুষ্ঠানে অংশ নিতে বেস্ট ওয়েস্টার্ন হোটেলের কয়েকটি কক্ষে ওঠেন জেমস ও তাঁর সফরসঙ্গীরা। পরবর্তীতে তাঁদের চেক-আউটের পর ৫৪৯ নম্বর কক্ষের অগোছালো কয়েকটি ছবি ও মেসেজ ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।
বিষয়টিকে অত্যন্ত স্বাভাবিক ঘটনা হিসেবে আখ্যা দিয়ে জেমস বলেন, "যে কক্ষটি নিয়ে কথা হচ্ছে সেটি ৫৪৯ নম্বর রুম। সেখানে আমাদের দলের একজন তরুণ অতিথি গিটারিস্ট ছিলেন। তরুণেরা হয়তো একটু অগোছালো থাকে, তবে হোটেল কর্তৃপক্ষ তো প্রতিদিন নিয়ম অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন করে। কেউ রুমে একটু এলোমেলো রাখতেই পারে। আর যদি জরিমানা হয়েও থাকে, ২০০ ইউরোর জরিমানা এমন কোনো বিশাল বিষয় নয়।"
সোশ্যাল মিডিয়ায় তাঁকে কেন্দ্র করে আলোচনা প্রসঙ্গে তিনি কিছুটা হাস্যরস প্রকাশ করে বলেন, "মানুষ সোশ্যাল মিডিয়ায় চারটা কথা লিখতে ভালোবাসে, লিখুক। তাদের সেই স্বাধীনতা আছে। এটাকে বিশাল কোনো জাতীয় ইস্যু বানানোর প্রয়োজন নেই।"
এর আগে জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিনও বিষয়টি নিয়ে গণমাধ্যমকে জানান যে, জেমস ছিলেন ৩৪৫ নম্বর রুমে এবং রবিন নিজে ছিলেন ২৪৬ নম্বর রুমে। সুতরাং অন্য একজন মিউজিশিয়ানের কক্ষের দায় জেমসের ওপর চাপানো অযৌক্তিক ও অনভিপ্রেত। একই সঙ্গে হোটেল কর্তৃপক্ষকে অবহিত না করে কক্ষ ছেড়ে যাওয়ার অভিযোগও তাঁরা পুরোপুরি ভিত্তিহীন বলে খণ্ডন করেন।
অন্যদিকে, রোমের কনসার্টের আয়োজক হোসাইন আহমেদের তোলা অর্থসংক্রান্ত জটিলতা ও প্রতারণার অভিযোগও জেমসের পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয়েছে। রবিন জানান, লিখিত চুক্তি অনুযায়ী সমস্ত কার্যক্রম পরিচালিত হয়েছে এবং কোনো নিয়মের ব্যত্যয় ঘটে থাকলে আয়োজকেরা আইনি পথ অনুসরণ করতে পারেন।
|