ডোমারে ইয়াবাসহ দুই যুবক আটক
মোঃ মকবুলার রহমান, ডোমার (নীলফামারী): নীলফামারীর ডোমার উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৯ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার সোনারায় এলাকার মোঃ সাদিকুর রহমান ওরফে সৌরভ (২৬) এবং চান্দখানা এলাকার আমিনুল ইসলাম (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, জেলাজুড়ে মাদক নিয়ন্ত্রণে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ডোমার থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে পৃথক স্থান থেকে সাদিকুর রহমান ওরফে সৌরভের কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং আমিনুল ইসলামের কাছ থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে ঘটনাস্থল থেকেই তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডোমার থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে অভিযুক্ত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাঁদের নীলফামারীর সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, এলাকাকে মাদক মুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা
|