বিতর্ক কাটিয়ে আনকাট 'এ' সার্টিফিকেট পেল যশের 'টক্সিক'

প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ণ
বিতর্ক কাটিয়ে আনকাট 'এ' সার্টিফিকেট পেল যশের 'টক্সিক'
'টক্সিক' সিনেমার অ্যাকশন লুকে কন্নড় সুপারস্টার যশ।

বিনোদন ডেস্ক:কন্নড় চলচ্চিত্রের গ্লোবাল সুপারস্টার যশের বহুপ্রতীক্ষিত ও আলোচিত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ অবশেষে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। অতিরিক্ত সহিংসতা ও বিতর্কিত দৃশ্য নিয়ে দীর্ঘ জল্পনা-কল্পনা থাকলেও ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) সিনেমাটির কোনো মূল দৃশ্য ছাঁটাই না করেই প্রাপ্তবয়স্কদের জন্য ‘এ’ (A) শ্রেণির ছাড়পত্র প্রদান করেছে।

সিবিএফসির দেওয়া আনুষ্ঠানিক তথ্যমতে, কন্নড় ও ইংরেজি—উভয় ভাষায় নির্মিত এই সিনেমাটির মোট দৈর্ঘ্য ৩ ঘণ্টা ১২ মিনিট। ভিজ্যুয়াল কোনো কাটছাঁট ছাড়া সেন্সর সম্পন্ন হলেও সংলাপের ক্ষেত্রে কিছু সামান্য সংশোধনের তাগিদ দেওয়া হয়েছে। কন্নড় সংস্করণের দুটি আপত্তিকর শব্দ মিউট অথবা পরিমার্জন করার নির্দেশ দিয়েছে বোর্ড। সেই অনুযায়ী ইংরেজি সাবটাইটেলও হালনাগাদ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পুরো সিনেমা চলাকালীন বিধিবদ্ধ ধূমপান ও মদ্যপানবিরোধী সতর্কবার্তা প্রদর্শনের নির্দেশ প্রযোজনা দলকে দেওয়া হয়েছে।

মুক্তির আগের মুহূর্তেই ‘টক্সিক’ ছবিটিকে ঘিরে বিশ্বজুড়ে কৌতূহল তুঙ্গে। ছবিতে থাকা অতিরিক্ত অ্যাকশন ও সংবেদনশীল ভিজ্যুয়ালের কারণে যুক্তরাজ্যের সেন্সর বোর্ডও এটিকে কেবল প্রাপ্তবয়স্কদের দেখার জন্য অনুমোদন দিয়েছে।

ছবিটি যে ছোটদের উপযোগী নয়, সে বিষয়টি পূর্বে এক সাক্ষাৎকারে পরিষ্কার করেছিলেন স্বয়ং যশ। ট্যাগলাইন ‘বড়দের জন্য এক রূপকথা’ প্রসঙ্গে এই তারকা স্পষ্ট জানান, প্রাপ্তবয়স্ক দর্শকদের কেন্দ্র করেই গল্পটি সাজানো হয়েছে, ফলে শিশুদের সিনেমা হলে নিয়ে আসার সুযোগ নেই।

গীতু মোহনদাসের সুনিপুণ পরিচালনায় বড় ক্যানভাসে নির্মিত এই প্রজেক্টটিতে যশের সাথে স্ক্রিন শেয়ার করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কোরেশি ও রুক্মিণী বসন্তের মতো তারকা অভিনেত্রীরা। সকল ধরনের আইনি ও সেন্সর প্রক্রিয়া শেষ করে আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী একযোগে প্রেক্ষাগৃহে শুভ মুক্তি পেতে যাচ্ছে ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’।

মন্তব্য করুন