বাবা নিখোঁজ, মা অন্যত্র; দুই ভাইয়ের পাশে গলাচিপা উপজেলা প্রশাসন

প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ণ
বাবা নিখোঁজ, মা অন্যত্র; দুই ভাইয়ের পাশে গলাচিপা উপজেলা প্রশাসন

বিশেষ প্রতিনিধি: শৈশব মানেই হাসিখুশি দিন, স্কুলে যাওয়া কিংবা খেলার মাঠে বন্ধুদের সাথে মেতে ওঠা। তবে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের দুই শিশু রহমাতউল্লাহ্ ও আব্দুল্লাহ্‌র ক্ষেত্রে জীবনটা একটু ভিন্ন রূপ নিয়ে এসেছিল।

বাবা আলিউল মাতুব্বর দীর্ঘদিন ধরে নিখোঁজ। পরিবার থেকে অনেক চেষ্টা করেও তাঁর সন্ধান মেলেনি। পরবর্তীতে মা অন্য জায়গায় বিয়ে করে নতুন সংসার শুরু করলে সম্পূর্ণ অভিভাবকহীন হয়ে পড়ে এই দুই ভাই। অবশেষে তাদের ঠাঁই হয় বৃদ্ধ ও অসুস্থ দাদা মনির মাতুব্বরের কাছে। দরিদ্র এই কৃষকের পক্ষে নিজের অন্নসংস্থান করাই যেখানে কঠিন, সেখানে দুই নাতির ভরণপোষণ চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল।

বাধ্য হয়ে অতি ছোট বয়সেই বই-খাতা ছেড়ে উপার্জনের পথে নামতে হয় দুই শিশুকে। স্থানীয় হাট-বাজার ও খেলার মাঠে পান এবং ঝালমুড়ি বিক্রি করে কোনোমতে চলত তাদের জীবন। তবে পেটের তাগিদে কাজ করলেও মনে সুপ্ত ছিল লেখাপড়া করার ব্যাকুল আকুলতা।

দুই ভাইয়ের এই করুণ পথচলার খবরটি নজরে আসে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের। তিনি অবিলম্বে শিশু দুটিকে নিজ কার্যালয়ে ডেকে এনে কথা বলেন এবং তাদের পড়াশোনা করার অদম্য ইচ্ছার কথা জানতে পারেন।

এরপর ইউএনও’র নির্দেশে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্রুত পদক্ষেপ নেন এবং রহমাতউল্লাহ্ ও আব্দুল্লাহ্‌কে স্থানীয় চরবিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেন। একই সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের নতুন স্কুল ড্রেস ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণও সরবরাহ করা হয়।

হাতে আবার বই-খাতা ফিরে পেয়ে আনন্দে ভাসছে দুই ভাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক জানান, "শিশু দুটির দুর্দশার কথা জানতে পেরে তাদের অফিসে নিয়ে আসি এবং স্কুলে ভর্তির ব্যবস্থা করি। সুবিধাবঞ্চিত এই শিশুদের স্বপ্নপূরণে শরীক হতে পেরে ভালো লাগছে। তাদের পড়াশোনা ও সার্বিক বিষয়ে উপজেলা প্রশাসন নিয়মিত নজর রাখবে।"

প্রশাসনের এমন মানবিক ও প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন