ফুটবলকে বিদায়ের ইঙ্গিত দিলেন দি মারিয়া
ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল থেকে ২০২৪ সালেই অবসর নিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল দি মারিয়া। এবার সব ধরনের পেশাদার ফুটবল থেকেই বুটজোড়া তুলে রাখার স্পষ্ট ইঙ্গিত দিলেন ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি উইঙ্গার।
ইউরোপীয় ফুটবলের দীর্ঘ ১৮ বছরের বর্ণাঢ্য অধ্যায় চুকিয়ে গত বছর নিজের শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফেরেন দি মারিয়া। ইচ্ছে ছিল ঘরের মাঠে কেরিয়ারের শেষ মুহূর্তগুলোকে সুন্দরভাবে রাঙিয়ে নেওয়ার। তবে কোপা লিবার্তাদোরেসের শেষ ষোলোর ফিরতি লেগে ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের কাছে ১-০ গোলের হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন এই উইঙ্গার।
ম্যাচ শেষে হতাশা প্রকাশ করে ইএসপিএন-কে দি মারিয়া জানান, "এটি সত্যিই খুব কঠিন একটি মুহূর্ত। আমার স্বপ্ন ছিল আরও অনেক দূরে এগিয়ে যাওয়ার, কিন্তু ফুটবল সবসময় নিজের ইচ্ছেমতো চলে না। এখন আমাকে থামতে হবে এবং গভীরভাবে ভাবতে হবে যে ভবিষ্যতে আমি কী করতে চাই।"
ম্যাচের বেশিরভাগ সময় প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হলেও সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপ পোড়াচ্ছে রোজারিও সেন্ট্রালের অধিনায়ককে। ফক্স স্পোর্টসকে তিনি বলেন, "প্রথম লেগেই আমরা স্পষ্ট পার্থক্য গড়ে দিতে পারতাম। তবে মাঝে মাঝে সবকিছু নিজের পরিকল্পনা অনুযায়ী হয় না, আজ ঠিক সেটাই হয়েছে।"
যদিও গত জুনে ক্লাবের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি নবায়ন করেছিলেন দি মারিয়া, তবে এই হারের ধাক্কায় এখন আন্তর্জাতিক ক্যারিয়ারের পর ক্লাব কেরিয়ারের ইতি টানার কথাই ভাবছেন তিনি। শৈশবের ক্লাবে ফিরে এ পর্যন্ত ৪৩টি ম্যাচ খেলে ১৪টি গোল করার পাশাপাশি ৭টি অ্যাসিস্ট করেছেন এই তারকা।
|