ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছু নেই: গভর্নর

প্রকাশ: শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছু নেই: গভর্নর

নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত পাঁচটি ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছুই নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি স্পষ্ট করেছেন, এই পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেয়ার বিষয়ে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই সুনির্দিষ্ট উদ্যোগ নেয়া হবে।

শুক্রবার (১২ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পাঁচ ব্যাংকের বর্তমান অবস্থা তুলে ধরে গভর্নর বলেন, ‘ব্যাংকগুলোর বোর্ডের সবশেষ সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ সম্মিলিত পাঁচ ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট কার্যক্রম চলমান রয়েছে। খুব শিগগিরই আমানতকারীদের আমানত ফেরতের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

সামাজিক যোগাযোগমাধ্যমের একটি অপপ্রচারের জবাব দিয়ে মো. মোস্তাকুর রহমান বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় কিছু গুজব ছড়িয়েছে যে, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর সম্মিলিত পাঁচটি ইসলামী ব্যাংক নিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। এই তথ্যটি সম্পূর্ণ সঠিক নয়। আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে এ বিষয়ে কাজ করে যাচ্ছি এবং কার্যক্রম পুরোপুরি চলমান রয়েছে।’

মন্তব্য করুন