মাগুরার আছিয়াকে ভুলে গেছে সবাই

প্রকাশ: বুধবার, ২০ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ণ
মাগুরার আছিয়াকে ভুলে গেছে সবাই
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার এক বছর পার হলেও উচ্চ আদালতে আপিলের ঘুরপাকে থমকে আছে চূড়ান্ত বিচার প্রক্রিয়া। বিচারিক আদালতে প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডের আদেশ হলেও সেটি কার্যকর না হওয়ায় চরম ক্ষোভ ও বুকভরা আক্ষেপ নিয়ে দিন কাটছে নিহতের পরিবারের।

গত ২০২৫ সালের ৫ মার্চ মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে বোনের শ্বশুরবাড়িতে গিয়ে নৃশংস পাশবিকতা ও নির্যাতনের শিকার হয় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আছিয়া। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এই বর্বরোচিত ঘটনার পর তৎকালীন প্রশাসন দ্রুত বিচার ও রায় কার্যকরের প্রতিশ্রুতি দিলেও নিম্ন আদালতে দ্রুততম সময়ে প্রধান আসামির ফাঁসির রায় হওয়ার পর থমকে যায় সব অগ্রগতি। আছিয়ার মা আক্ষেপ করে জানান, এক বছর ধরে কেউ তাদের খোঁজ নেয়নি। খুনি জেলে বসে রাষ্ট্রীয় সুবিধা পাচ্ছে, অথচ অভাবের তাড়নায় এবং স্বামীর মানসিক ভারসাম্যের অভাবে তাদের সংসার চালানোই দায় হয়ে পড়েছে। একটি বেসরকারি সংগঠনের দেওয়া গাভির দুধ বিক্রি করে কোনো রকমে টিকে আছেন তারা।

বাদিপক্ষের আইনজীবীরা জানান, আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল করায় বর্তমানে পুরো প্রক্রিয়াটি ঢাকায় শুনানির অপেক্ষায় রয়েছে। এদিকে, মামলার এই দীর্ঘসূত্রতা নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলছেন, আছিয়ার মতো চাঞ্চল্যকর মামলার চূড়ান্ত রায় কার্যকর হতে এত দেরি হওয়া অত্যন্ত দুঃখজনক। এই বিচারহীনতা ও দীর্ঘসূত্রতার কারণেই দেশে একের পর এক শিশু নির্যাতন ও নিষ্ঠুর হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ঘটছে।

মন্তব্য করুন