শিক্ষকদের বেতন নিয়ে মাউশির নতুন নির্দেশনা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ণ
শিক্ষকদের বেতন নিয়ে মাউশির নতুন নির্দেশনা

সকালবেলা অনলাইন: বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন-ভাতার বিল সাবমিট করার সুনির্দিষ্ট সময়সীমা ও সতর্কতা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনা অনুযায়ী, আগামী ২০ অক্টোবরের মধ্যে ২০২৬ সালের অক্টোবর মাসের এমপিও বিল সাবমিট করতে হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার অর্থ স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে প্রেরণের সুবিধার্থে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে প্রতিষ্ঠানের এমপিও-সংক্রান্ত নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের ‘এমপিও-ইএফটি’ মডিউলে প্রবেশ করে বিল দাখিল সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার টাকা হস্তান্তরের ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানের পাঠানো তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে। ভুল বা অসত্য তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারী বেতন না পেলে কিংবা অতিরিক্ত অর্থ স্থানান্তরিত হলে তার যাবতীয় দায়ভার প্রতিষ্ঠানপ্রধানকেই বহন করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, অসাবধানতাবশত ভুল তথ্য প্রদান বা অন্য কোনো কারিগরি কারণে অতিরিক্ত অর্থ ছাড় হলে তা তাৎক্ষণিকভাবে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে ফেরত জমা দিতে হবে এবং চালানের মূল কপি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের আগামী ২০ অক্টোবরের নির্ধারিত সময়সীমার মধ্যেই অক্টোবর মাসের এমপিও বিল সাবমিট প্রক্রিয়া সম্পন্ন করতে অনুরোধ জানিয়েছে মাউশি।

এআইএল/সকালবেলা